প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় ৫০০ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছে। দিশার বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি (এসপি) নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছে ক্ষতিপূরণ হিসেবে এই ৫০০ কোটি টাকা দাবি করেছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে যে, ওই দুই নেতা সতীশ সালিয়ানের ন্যায়বিচারের প্রচেষ্টাকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। ২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাড এলাকায় একটি বহুতল আবাসিক ভবন থেকে পড়ে গিয়ে ২৮ বছর বয়সী দিশা সালিয়ানের মৃত্যু হয়। পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে গণ্য করে এবং একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ (ADR) নথিভুক্ত করে। এর ছয় দিন পর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। এত বছর পর আবার সেই কেস ফাইল ওপেন করার পর বেরিয়ে আসছে একাধিক নতুন তথ্য।