হানিমুনে গিয়ে বার্বিকিউ-এর আগুনে দগ্ধ নববধূ

দার্জিলিংয়ের সিটং-এ একটি হোমস্টেতে বারবিকিউ করার সময় মারাত্মকভাবে দগ্ধ হয়ে এক নববিবাহিতা মহিলার মধুচন্দ্রিমা ভ্রমণ মর্মান্তিক পরিণতির মুখে পড়ল। নিকিতা নামের ওই মহিলা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অবহেলার অভিযোগে হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা নিকিতা ও তাঁর স্বামী সৌভিকের বিয়ে হয়েছিল প্রায় দু’মাস আগে। মধুচন্দ্রিমার জন্য তাঁরা সিটং-এ গিয়েছিলেন এবং পাহাড়ের ওই এলাকার একটি হোমস্টেতে অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বার্বিকিউ-এর সামনে বসে রয়েছেন নিকিতা সৌভিক। উল্টোদিক থেকে একজন (হোমস্টে কর্মী বলেই মনে হচ্ছে) ওই বার্বিকিউ-তে কিছু একটা দিচ্ছে। আর তখনই বিধির আগুনের গোলা নিকিতাকে পুরোপুরি গ্ৰাস করে নেয়।