সুচরিতা সেন চৌধুরী: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক মারকুইনহোস (Marquinhos)। ঠিক যতটা তাঁকে মুগ্ধ করেছে কলকাতায় তাঁদের পা রাখার সঙ্গে সঙ্গে তাদের ঘিরে উন্মাদনা ততটাই উপভোগ করলেন সাংবাদিক সম্মেলনও। সময় পেরিয়ে গেলেও চলল ব্রাজিলের সাংবাদিক সম্মেলন। কলকাতায় ব্রাজিলের প্রথম সিনিয়র পুরুষ দলের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। আর সেই উত্তাপ লেগেছে ব্রাজিল দলের গায়েও। এখানে রইলো অধিনায়ক মারকুইনহোসের প্রেস কনফারেন্স-
কেমন লাগছে ভারতে খেলতে এসে?
মারকুইনহোস: আমি বহু বছর ধরে জাতীয় দলের সঙ্গে আছি। তারপরও এখানে এসে মানুষের ভালোবাসা আমাকে অবাক করেছে। যারা প্রথমবার জাতীয় দলে এসেছে, তাদের জন্য এখানে খেলার অভিজ্ঞতাটি আরও বিশেষ।
প্রশ্ন: এই সফর কি দলকে অতিরিক্ত অনুপ্রাণিত করবে?
মারকুইনহোস: অবশ্যই। এটি শক্তি ও সংযোগের বিষয়। এই ধরনের অভিজ্ঞতা আমাদের আরও অনুপ্রাণিত করে। নতুন মরসুমের শুরুতে এমন অভিজ্ঞতা দলের জন্য খুবই মূল্যবান। আমরা এই শক্তি পুরো সময়টা সঙ্গে নিয়ে যেতে চাই।
প্রশ্ন: ব্রাজিলকে আবার বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনার লক্ষ্য কতটা গুরুত্বপূর্ণ?
মারকুইনহোস: ব্রাজিল সবসময়ই বড় লক্ষ্য নিয়ে এগোয়। আমরা আবার শীর্ষে ফিরতে চাই, বড় কিছু জিততে চাই এবং এই জার্সির মর্যাদা রাখতে চাই। তার জন্য আমাদের প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে।
প্রশ্ন: ভারত সফরকে আপনি কীভাবে দেখছেন?
মারকুইনহোস: এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। ভারত ফুটবলকে এবং বিশেষ করে ব্রাজিলকে অত্যন্ত ভালোবাসে। এই মানুষের সামনে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য সম্মানের।
প্রশ্ন: ভারতীয় সমর্থকদের জন্য আপনার বার্তা কী?
মারকুইনহোস: আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ম্যাচটি উপভোগ করবেন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
