আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। সোমবার আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করেছেন ৩৩ বছর বয়সি এই ফুটবলার। দেশের জার্সিতে ৯৪টি গোল করে বিদায় নিলেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তাঁর স্থান পঞ্চম।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন লুকাকু। বেলজিয়ামের হয়ে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন তিনি। এই সময়ের মধ্যে দেশের হয়ে মোট ১৩৫টি ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার।
চারটি ফিফা বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন লুকাকু। অবসরের সিদ্ধান্ত জানিয়ে লুকাকু লিখেছেন, ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি জীবনের প্রায় সব ধরনের আবেগের মধ্য দিয়েই গিয়েছেন। তাঁর কথায়, “এই জায়গাতেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে রয়েছি। অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। আমি কৃতজ্ঞ।”