আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার বালিতে আইসিসির বোর্ড মিটিংয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ফলে আরও একবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নেতৃত্বের দায়িত্ব সামলাবেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের এই প্রাক্তন কর্তা।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, “আইসিসি বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। প্রত্যেক ডিরেক্টরকে তাঁদের ধারাবাহিক বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের এবং দায়িত্বের বিষয়। বিশ্বের বিভিন্ন সদস্য দেশের সঙ্গে একযোগে কাজ করে বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ ও উন্নতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।”