সাংবাদিক সম্মেলন শেষে খালিদ জামিলকে জরিয়ে ধরলেন Carlo Ancelotti

সুচরিতা সেন চৌধুরী: কলকাতায় ভারত বনাম ব্রাজিল ফুটবল ফ্রেন্ডলির দামামা বেজে গিয়েছে আগেই।‌ এদিন তাতে শেষবেলার রং লাগল দুই দলের সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। শহরের এক পাঁচতারা হোটেলের বলরুমে তখন‌ জড়ো হয়েছে দেশ বিদেশের সাংবাদিক। মারকুইনহোসের সাংবাদিক সম্মেলন শেষেই হাজির হলেন কোচ কার্লো আনচেলত্তি (Carlo Ancelotti)। আবার আনচেলত্তির প্রেস কনফারেন্স শেষ হওয়ার আগেই ভেন্যুতে পৌঁছে গেলেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। কারণ ততক্ষণে ব্রাজিলের সময় পেরিয়ে ভারতের সাংবাদিক সম্মেলনের সময় হয়ে গিয়েছে। কিন্তু মঞ্চ যখন স্বয়ং আনচেলত্তি তখন সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়ে শুনলেন প্রতিপক্ষের বক্তব্য। শেষে খালিদকে জরিয়েও ধরলেন ব্রাজিল কোচ।ভারতের বিরুদ্ধে ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। নতুন চক্রের শুরুতে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া, দলের উন্নতি এবং আবার সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিই এখন আনচেলত্তির মূল লক্ষ্য। কী বলেছেন আনচেলত্তি –

প্রশ্ন: কলকাতায় এসে কেমন লাগছে?


আনচেলত্তি: কলকাতায় এসে আমি খুব খুশি। (ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি শুরুতেই ‘নমস্তে’ বলে শুভেচ্ছা জানান)। ভারতীয় সমর্থকদের ব্রাজিলের প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ।

প্রশ্ন: ভারতের বিরুদ্ধে ম্যাচটিকে কীভাবে দেখছেন?

আনচেলত্তি: আমাদের কাছে এটি শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ নয়। জাতীয় দলের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নতুন মরসুমের শুরুতে দলের উন্নতি করার জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ একটি সুযোগ।

প্রশ্ন: এই ম্যাচ কি তরুণ ফুটবলারদের পরীক্ষা?

আনচেলত্তি: আমি এটিকে পরীক্ষা বলব না। এটি তরুণদের নিজেদের গুণ ও সামর্থ্য দেখানোর সুযোগ। তাদের সামনে আরও সুযোগ আসবে। তাই তাদের শান্ত থেকে নিজেদের ফুটবল খেলতে হবে।

প্রশ্ন: ভারতের দল সম্পর্কে আপনার ধারণা কী?

আনচেলত্তি: ভারত একটি ভালো এবং সংগঠিত দল। তাদের আক্রমণভাগ গতিসম্পন্ন। তাদের গোলরক্ষকও ভালো।  ভারতের বেশ কিছু খেলোয়াড় বিপজ্জনক হতে পারে। উইলিয়াম খুব ভালো প্লেয়ার।তাই আমরা তাদের শক্তি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ম্যাচের প্রস্তুতি নিয়েছি। আমরা প্রতিপক্ষকৈ সম্মান করি আর এবার ভারত আমাদের প্রতিপক্ষ।

প্রশ্ন: ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ কি ঠিক করে ফেলেছেন?

আনচেলত্তি: দলে এখনও কিছু জায়গায় সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে। তাই পুরো একাদশ এখনই জানাতে চাই না। তবে গোলরক্ষক পেদ্রো মরিসকো খেলবেন—এটা নিশ্চিত।

প্রশ্ন: বিশ্বকাপে হতাশাজনক ফলের পর এই নতুন চক্রে আপনার লক্ষ্য কী?

আনচেলত্তি: বিশ্বকাপের কঠিন অভিজ্ঞতা আমাদের জন্য অনুপ্রেরণা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাই যারা আগামী বছরগুলিতে ব্রাজিলকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করবে।

প্রশ্ন: ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আপনার ভাবনা কী?

আনচেলত্তি: ভিনি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। বর্তমানে হয়তো সে নিজের সেরা ছন্দে নেই, কিন্তু ম্যাচে সে এখনও পার্থক্য গড়ে দিতে পারে। তাই তার প্রতি ধৈর্য রাখা প্রয়োজন।

প্রশ্ন: এন্দ্রিক ও পেদ্রোর মধ্যে কী পার্থক্য দেখছেন?

আনচেলত্তি: দু’জন সম্পূর্ণ আলাদা ধরনের খেলোয়াড়। এন্দ্রিক তরুণ, শক্তিশালী এবং অত্যন্ত প্রতিভাবান। পেদ্রো অনেক বেশি অভিজ্ঞ। দু’জনের নিজস্ব গুণ রয়েছে।

ভারতের বিরুদ্ধে ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখছে ব্রাজিল। নতুন চক্রের শুরুতে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া, দলের উন্নতি এবং আবার সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিই এখন আনচেলত্তির মূল লক্ষ্য।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google