সুচরিতা সেন চৌধুরী: গত কয়েক মাস ধরেই আবহটা তৈরি হচ্ছিল। ব্রাজিল জাতীয় ফুটবল দল ভারতীয় ফুটবল দলের সঙ্গে খেলতে আসছে এদেশে। তাও আবার কলকাতায়। আর সেই ম্যাচের ঠিক একদিন আগে যেন আবেগের বিস্ফোরণ ঘটল সাংবাদিক সম্মেলনে। এবার অপেক্ষা গ্যালারির বিস্ফোরণের। ৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন সাক্ষী থাকতে চলেছে অন্য এক ফুটবল ইতিহাসের। তার আগের দিন দুই দলের কোচ, ফুটবলারদের মধ্যে সত্যিই কোনও আর পার্থক্য থাকল না, হোক না ব্রাজিল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আর ভারত বিশ্বকাপই খেলতে পারে না। তাও যেমন প্রতিপক্ষকে সমীহ করছে ব্রাজিল, তেমনি কঠিন বলেও সেরাটা দিতে প্রস্তুত খালিদ জামিল (Khalid Jamil) অ্যান্ড ব্রিগেড। শুক্রবার সাংবাদিক সম্মেলনে যা বললেন তিনি –
প্রশ্ন: ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ম্যাচ। আপনার দলের ওপর কতটা চাপ রয়েছে?
খালিদ জামিল: চাপ অবশ্যই রয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলতে হবে। আমার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সহজ বিষয়গুলো ঠিকভাবে করা। আমাদের রক্ষণ করতে হলে ভালোভাবে রক্ষণ করতে হবে, আর আক্রমণের সুযোগ এলে আক্রমণ করতে হবে।
প্রশ্ন: ব্রাজিলের মতো শক্তিশালী আক্রমণভাগের বিরুদ্ধে ভারতের প্রধান পরিকল্পনা কী?
খালিদ জামিল: আমাদের রক্ষণে খুব শক্তিশালী এবং সংগঠিত থাকতে হবে। আমরা জানি ব্রাজিল কতটা শক্তিশালী দল। তাই প্রত্যেক খেলোয়াড়কে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে।
প্রশ্ন: ব্রাজিলের তারকা ফুটবলারদের আটকাতে কি আলাদা পরিকল্পনা করেছেন?
খালিদ জামিল: হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা রয়েছে। তবে মাঠে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। শুধু একজন বা দু’জন খেলোয়াড়কে নিয়ে ভাবলে হবে না, পুরো ব্রাজিল দলকেই সামলাতে হবে।
প্রশ্ন: ব্রাজিলের বিরুদ্ধে ভারত কি আক্রমণাত্মক ফুটবল খেলবে?
খালিদ জামিল: আমরা পরিস্থিতি অনুযায়ী খেলব। শুধু আক্রমণ বা শুধু রক্ষণ—কোনও একটি বিষয় ধরে খেলা সম্ভব নয়। কখন রক্ষণ করতে হবে এবং কখন আক্রমণে যেতে হবে, সেটা বুঝতে হবে।
প্রশ্ন: এই ম্যাচে ভারতীয় ফুটবলারদের কী করতে বলেছেন?
খালিদ জামিল: আমি চাই সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করুক এবং সহজ বিষয়গুলো ঠিক রাখুক। এই ধরনের ম্যাচে ছোট ভুলেরও বড় মূল্য দিতে হতে পারে।
প্রশ্ন: ব্রাজিলের বিরুদ্ধে খেলা ভারতীয় ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
খালিদ জামিল: এটা অবশ্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন দলের বিরুদ্ধে খেলার সুযোগ সবসময় আসে না। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।
প্রশ্ন: কলকাতার দর্শকদের কাছ থেকে কী আশা করছেন?
খালিদ জামিল: আমি আশা করি দর্শকরা আমাদের সমর্থন করবেন। কলকাতায় ফুটবল নিয়ে মানুষের আবেগ আমরা সবাই জানি। এই সমর্থন খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেবে।
প্রশ্ন: কার্লো আনচেলত্তির সঙ্গে আপনার দেখা হয়েছে। কী কথা হয়েছে?
খালিদ জামিল: উনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচের পরে আবার কথা হবে বলেও জানিয়েছেন। এটা অবশ্যই ভালো একটি মুহূর্ত ছিল।
প্রশ্ন: ব্রাজিলের বিরুদ্ধে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী হবে?
খালিদ জামিল: শৃঙ্খলা এবং নিজেদের পরিকল্পনা মেনে চলা। আমরা যদি নিজেদের কাজ ঠিকভাবে করতে পারি, তাহলে ম্যাচে আমাদের সুযোগ তৈরি হবে।
প্রশ্ন: ভারতীয় দলের জন্য আপনার শেষ বার্তা কী?
খালিদ জামিল: নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে এবং প্রত্যেককে নিজের ১০০ শতাংশ দিতে হবে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
