সুচরিতা সেন চৌধুরী: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার তৈরি হতে চলেছে ইতিহাস। আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও ব্রাজিল (India vs Brazil)। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামছে খালিদ জামিলের ভারত। ফলে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। উত্তেজিত স্বয়ং দুই দলের কোচ, ফুটবলাররা।
ভারতের সামনে প্রতিপক্ষ ব্রাজিল—যে দলের জার্সিতে মাঠে নামবেন বিশ্বমানের একাধিক তারকা। ভিনিসিয়াস জুনিয়রদের সামলানোর পাশাপাশি ব্রাজিলের ফাস্ট পাসিং, বলের দখল এবং আক্রমণের গতি থামানোই ভারতের সামনে বড় চ্যালেঞ্জ।
যে কারণে রক্ষণে বাড়তি দায়িত্ব নিতে হবে ভারতীয় দলের রক্ষণভাগকে। আনোয়ার আলিদের সামনে মূল লক্ষ্য থাকবে ব্রাজিলের আক্রমণভাগকে যতটা সম্ভব জায়গা না দেওয়া। শুরু থেকেই রক্ষণকে সংগঠিত রাখা এবং ভুল কম করাই হতে পারে ভারতের ম্যাচ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
মাঝমাঠের ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ব্রাজিলকে বেশি সময় বলের নিয়ন্ত্রণ দিলে বিপদ বাড়তে পারে। তাই বল দখলের সুযোগ পেলেই দ্রুত আক্রমণে ওঠার চেষ্টা করবে ভারতীয় দল। শুক্রবার যুবভারতীর মূল মাঠেই অনুশীলন সারল দুই দল। সকাল যখন ছিল ভারতেল দখলে, তখন বিকেলে মাঠের দখল নিয়েছিল ব্রাজিল। শনিবার রাতে এখানেই একে অপরের মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল।
অন্যদিকে ব্রাজিলও কলকাতায় নিজেদের শক্তি দেখাতে প্রস্তুত। দলের অন্যতম পরিচিত মুখ ভিনিসিয়াস জুনিয়র। তাঁর গতি ও ড্রিবলিং ভারতীয় রক্ষণকে সমস্যায় ফেলতে পারে। ব্রাজিলের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ প্রতিভারাও নিজেদের প্রমাণের সুযোগ পাবেন এই ম্যাচে।
ভারতীয় কোচ খালিদ জামিলের জন্য এই ম্যাচ নিঃসন্দেহে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সচেতন থেকেও ভারত নিজেদের স্বাভাবিক ফুটবল খেলার চেষ্টা করবে। ম্যাচের শুরুতে চাপ সামলে রাখতে পারলে ভারত ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পাবে। পাশাপাশি গ্যালারির সমর্থন ভারতের বড় শক্তি হিসেবে দেখা দিতে পারে।
ম্যাচটি কলকাতায় হওয়ায় ভারতীয় দলের জন্য বাড়তি প্রেরণা হতে পারে যুবভারতীর গ্যালারি। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল শহরে ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় ফুটবলারদের কাছেও বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে। সঙ্গে কলকাতার ফুটবলপ্রেমীরা যে ব্রাজিলের হয়েও গলা ফাটাবে তা নিয়ে কোনও সংশয় নেই। সেই স্বাদ ইতিমধ্যেই পেয়েছে তারা।
র্যাঙ্কিং বা কাগজে-কলমের শক্তির হিসাব একদিকে, কিন্তু মাঠে ৯০ মিনিটে লড়াইটা হবে সম্পূর্ণ আলাদা। ভারতের লক্ষ্য থাকবে নিজেদের সংগঠিত রেখে সুযোগ তৈরি করা এবং ব্রাজিলকে যতটা সম্ভব চাপে রাখা।
সব মিলিয়ে শনিবারের রাত কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য হতে চলেছে বিশেষ। যুবভারতীর সবুজ গালিচায় ভারত কতটা লড়াই দিতে পারে, সেটাই এখন দেখার।
ম্যাচ: ভারত বনাম ব্রাজিল
তারিখ: ৩ অক্টোবর ২০২৬
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট (ভারতীয়)
ভেন্যু: যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
ম্যাচের ধরন: আন্তর্জাতিক ফ্রেন্ডলি
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
