আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র!

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব মিলেছে বলেও হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শনিবার (২১ নভেম্বর) রাত প্রায় ৯টা নাগাদ নিজের হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকায় পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


বসিরহাট হাসপাতালে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রাখা হয়েছিল। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার গভীর রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ককে।