উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেকে ভয়াবহ তুষারধসের জেরে নিখোঁজ আটজন। গত ২৭ অক্টোবর ১২ জনের একটি দল গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশে রওনা দিয়েছিল। ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়া, তুষারপাত এবং হিমবাহের গতিবিধির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা অভিযান। ইতিমধ্যেই চারজন নিরাপদে ফিরে এসেছেন। তবে বাকি আটজনের এখনও কোনও সন্ধান মেলেনি।
নিখোঁজদের উদ্ধারে অভিযান তৃতীয় দিনে পড়েছে। জানা গিয়েছে, ১২ জনের ওই দলে ছিলেন সাতজন ট্রেকার, একজন গাইড, একজন রাঁধুনি এবং তিনজন পোর্টার। বন দফতরের প্রয়োজনীয় অনুমতি নিয়েই তাঁরা গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।
কিন্তু পাহাড়ি এলাকায় আচমকাই আবহাওয়ার অবনতি ঘটে। শুরু হয় তুষারপাত। বন্ধ হয়ে যায় ফেরার পথ। এর জেরেই নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে পারেননি অভিযাত্রীরা। উদ্ধারকারী দল নিখোঁজ আটজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি পথ উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে। নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে, সেই উত্তর পাওয়ার অপেক্ষায় তাঁদের পরিবার এবং প্রশাসন।