শেয়ার বাজারে টানা চতুর্থ দিন ঊর্ধ্বগতি, ৯০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

ভারতীয় শেয়ার বাজারে ফের উত্থান। মঙ্গলবার টানা চতুর্থ দিনের জন্য ঊর্ধ্বমুখী রইল বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৫০। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়েছে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই বাজারে জোরালো কেনাকাটা দেখা যায়। সেনসেক্স ৯০০ পয়েন্টেরও বেশি বেড়ে ৭৬,৫০০-এর গণ্ডি পার করে। একইসঙ্গে নিফটি ৫০ এক শতাংশের বেশি বেড়ে ২৩,৭০০-এর উপরে উঠে যায়।

ব্যাঙ্কিং শেয়ারগুলিতেও ছিল উল্লেখযোগ্য চাহিদা। ব্যাঙ্ক নিফটি ৫৫,৫০০-এর স্তর অতিক্রম করে শক্তিশালী অবস্থান তৈরি করে। বাজারের এই ঊর্ধ্বগতিতে শুধু বড় সংস্থার শেয়ারই নয়, অংশ নেয় মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারও। নিফটি স্মলক্যাপ ১০০ এবং নিফটি মিডক্যাপ ১০০—দুই সূচকই অর্ধ শতাংশের বেশি বৃদ্ধি পায়।