নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ১ ভারতীয়

মাউন্ট এভারেস্টের কাছে নেপালের একটি হেলিপ্যাডে অবতরণের সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের। নেপাল পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ঘটনার কথা জানানো হয়েছে। মৃতের নাম ভাসন্ত কুমার বলরামারামাডু। তাঁর বয়স ৪৭ বছর। ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি একজন ভারতীয় নাগরিক এবং চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নেপালের সোলুখুম্বু জেলার একটি হেলিপোর্টে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা মাউন্ট এভারেস্ট-সহ হিমালয়ের একাধিক দুর্গম ও উচ্চ-উচ্চতার গন্তব্যে যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র।


দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। হেলিকপ্টার দুটির গতিবিধি, অবতরণের সময়কার পরিস্থিতি এবং পাইলটদের মধ্যে সমন্বয়-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।