কলকাতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা। জন্মদিন উদ্যাপনের রাতেই তাঁর কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন অভিষেক নিজেই।
অভিযোগ, শুক্রবার গভীর রাতে, প্রায় ২টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। কাউকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওতে কয়েকজনকে তাঁর নামে লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলতে দেখা যাচ্ছে। জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া এই অশান্তির ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।