ভারতীয় মহিলা ফুটবলে নতুন ইতিহাস লিখল ইস্টবেঙ্গল (East Bengal Women’s Team)। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লাল-হলুদ মহিলা দল। শনিবার গ্রুপের শেষ ম্যাচে উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির কাছে ০-২ গোলে হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল না অ্যান্টনি অ্যান্ড্রুজের দলকে। সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে জায়গা করে নিয়ে শেষ আটে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এই প্রথম কোনও ভারতীয় ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।
শেষ ম্যাচে হার, তবু স্বপ্নপূরণ
গ্রুপ বি-তে ইস্টবেঙ্গলের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। ১ নভেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটি মহিলা দলকে ২-১ গোলে হারিয়ে অভিযান শুরু করে লাল-হলুদ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন ফাজিলা ইকওয়াপুট। এই জয়ের সুবাদে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে একাধিক ম্যাচ জেতা প্রথম ভারতীয় ক্লাব হওয়ার নজিরও গড়ে ইস্টবেঙ্গল।
এরপর ৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার হোয়াচিয়ন কেএসপিও-র কাছে ১-৪ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল। ফলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও নজর রাখতে হয়েছিল তাদের।
শনিবার উত্তর কোরিয়ার ৪.২৫ এসসির বিরুদ্ধে মাঠে নামে ইস্টবেঙ্গল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে তারা। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করে প্রতিপক্ষ। শেষ পর্যন্ত ০-২ ব্যবধানে হারতে হয় অ্যান্টনি অ্যান্ড্রুজের দলকে। কিন্তু এই হার তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
সামনে আরও বড় পরীক্ষা
এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। আগামী ৩ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা। মার্চ ২০২৭-এ হবে শেষ আটের ম্যাচগুলি। এশিয়ার সেরা ক্লাবগুলির বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে ইস্টবেঙ্গল।
আইডব্লিউএল-এও খেতাব ধরে রাখার লড়াই
এশীয় মঞ্চে সাফল্যের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও নজর রয়েছে ইস্টবেঙ্গলের। ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মরশুমের ইন্ডিয়ান উইমেন্স লিগ। গত মরশুমের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যে নামবে। ১৩ নভেম্বর কল্যাণী স্টেডিয়ামে গোকুলাম কেরলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল-হলুদ মহিলা দল।
