রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় এনকাউন্টার

পশ্চিমবঙ্গে ফের এনকাউন্টার। এ বার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হল। সোমবার (৯ নভেম্বর) ভোররাতে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দিলীপ রায় নামে ওই অভিযুক্তের। রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে সে। এরপর ভোর সাড়ে তিনটে নাগাদ সেখানে অভিযান চালায় পুলিশ।

অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে বিহার সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে দিলীপ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলি চালায় পুলিশ।


গত ৩ নভেম্বর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের এক নাবালিকা। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর ৫ নভেম্বর কুলিক নদীর কাছে কুলিক ফরেস্ট এলাকা থেকে নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়।