কালীপুজোর রাতে কলকাতার গড়িয়ার ফরতাবাদের একটি ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৫ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্থক সরকারের রক্তাক্ত দেহ। শনিবার রাতে লিভ-ইন সঙ্গিনী সঞ্চালিকা বসুর সঙ্গে বচসার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধ ও শরীরের উপরিভাগে আঘাত করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশীরা ফ্ল্যাটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সার্থকের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। তিনি সল্টলেকের সেক্টর ফাইভে একটি সংস্থায় কর্মরত ছিলেন। এই ঘটনায় তাঁর লিভ-ইন সঙ্গিনী সঞ্চালিকা বসু এবং সঞ্চালিকার মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে মায়ের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।