হস্টেল থেকে উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত দেহ

নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ। মৃতের নাম অভিজিৎ সরকার। বয়স ২৮-৩০-এর মধ্যে হবে বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যায় হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন হতে পারে।

এই মৃত্যুকে ঘিরে সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে অভিজিতের মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলি নিয়ে। জানা গিয়েছে, নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। একটি পোস্টে তিনি লেখেন, হস্টেলে কয়েক জনের আচরণের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছিলেন।


এ ছাড়াও হোয়াটসঅ্যাপ স্টেটাসে লিখেছিলেন, ‘আমি আর পেরে উঠছি না।’ এই পোস্ট সামনে আসার পর থেকেই তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।