অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস

কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী যাত্রীবাহী ট্রেন কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হল অসমে। বুধবার সকালে অসমের ডিগারু রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ট্রেনটির ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরা লাইন থেকে বেরিয়ে যায়। তবে স্বস্তির খবর, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে খবর।

রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অন্য একটি ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে থামানো বা গতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল। সেই সময় ট্রেনের চালক বা লোকো পাইলট গতি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে রেলের প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছে। এর জেরেই ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।


দুর্ঘটনার পরপরই উদ্ধার ও রেললাইন মেরামতির কাজ শুরু হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলেও রেলের তরফে জানানো হয়েছে।