জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখরান এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় বাইক আরোহী দুষ্কৃতীরা। এই হামলায় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
ঘটনাটি ঘটেছে কুলগামের মীর বাজারের কাছে আখরান এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা একটি নাকা চেকপোস্টে মোতায়েন ছিলেন। সেই সময় একটি মোটরবাইকে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে এবং আচমকাই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
গুলি চালানোর পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত দুই জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।