বীরভূমে গুলিবিদ্ধ কনস্টেবল! অভিযুক্তের খোঁজে তল্লাশি

পুলিশের হাত থেকে গ্রেফতারি এড়াতে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিশ্বজিৎ দাস নামে এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজার এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর-নানুর প্রধান সড়কের ধারে একটি বন্ধ বেসরকারি নার্সিংহোমের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্তের খোঁজে মোটরবাইকে করে এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন এক পুলিশ আধিকারিক এবং এক কনস্টেবল। সেই সময় নার্সিংহোমের কাছে আচমকাই তাঁদের সামনে পড়ে যায় অভিযুক্ত। গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। অভিযুক্তের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।