অসমের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৪ জন। বৃহস্পতিবার রংগাজান এলাকায় একটি যাত্রীবোঝাই মিনিবাসের সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় কাজিরাঙার কাছে রংগাজান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা বহু যাত্রী গুরুতরভাবে জখম হন।