কাশ্মীরে উদ্ধার দুই নিখোঁজ পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে ফের উদ্বেগ। কিশতওয়ারের দুর্গম জঙ্গল এলাকা থেকে উদ্ধার হল দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের (SPO) গুলিবিদ্ধ দেহ। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। দু’জনের শরীরেই মিলেছে একাধিক বুলেটের আঘাত। তাঁদের সার্ভিস রাইফেলও খুঁজে পাওয়া যায়নি। ঘটনায় জঙ্গি যোগের আশঙ্কা করছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার ডাচ্ছন (Dachhan) এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয় দুই পুলিশকর্মীর দেহ। মৃতদের নাম রশপাল কুমার এবং বাবি চাঁদ। তাঁরা দু’জনেই জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপের (SOG) সদস্য ছিলেন। তাঁদের কর্মস্থল ছিল ডাচ্ছনের কিয়ার (Kiyar) এলাকায়। বুধবার সেনার একটি পোস্টে দায়িত্ব বদলের জন্য যাচ্ছিলেন ওই দুই SPO। কিয়ার এলাকা থেকে মারওয়াহ সেক্টরের ধরনা এলাকার আর্মি ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা।
কিন্তু নির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছনোয় তাঁদের খোঁজ শুরু হয়। প্রথমদিকে দু’জনের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন বন্ধ হয়ে যায়। এর মধ্যেই ডাচ্ছন ও মারওয়াহ সংলগ্ন জঙ্গল এলাকায় গুলির শব্দ শোনা যায় বলে জানা গিয়েছে।