রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইন বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পঞ্জাব থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সি মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সি দেবিন্দর সিং। রাজস্থান অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। বিস্ফোরণকাণ্ডের তদন্তে বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তদের সন্ধান চালাচ্ছিল তদন্তকারী দল।
পুলিশের দাবি, ধৃত মহকদীপ কৌরের সঙ্গে পাকিস্তানে থাকা দুই হ্যান্ডলারের যোগাযোগ ছিল। তাঁদের সঙ্গে কী ধরনের যোগাযোগ হয়েছিল এবং রেললাইন বিস্ফোরণের ঘটনায় সেই যোগাযোগের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।