দিল্লির পাহাড়গঞ্জে ছাদ ধসে আহত ৮

দিল্লিতে ফের নির্মীয়মাণ বহুতলের ছাদ ধসে দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একটি নির্মীয়মাণ হোটেল ভবনের ছাদের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়গঞ্জের সঙ্গতরাশন এলাকায় সরকারি গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিপরীতে একটি হোটেল তৈরির কাজ চলছিল। রবিবার সন্ধ্যায় ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে নির্মাণস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপের নীচে কয়েকজন আটকে পড়েন বলে আশঙ্কা তৈরি হয়।


দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিল্লিতে এই নিয়ে মাত্র ১০ দিনের ব্যবধানে দ্বিতীয় বড় নির্মাণজনিত দুর্ঘটনা ঘটল।