ভয়াবহ দৃশ্য, ট্রায়াল রুমে খুন তরুণী!

বন্ধ ট্রায়াল রুমের দরজা। বাইরে দাঁড়িয়ে থাকা কর্মীর নজরে এল দরজার নীচ দিয়ে মেঝেতে গড়িয়ে আসছে রক্ত। সন্দেহ হওয়ায় দরজা ঠেলতেই সামনে এল হাড়হিম করা দৃশ্য। ট্রায়াল রুমের ভিতরে গলাকাটা অবস্থায় পড়ে রয়েছেন এক তরুণী। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির মোতিনগর এলাকায় একটি পোশাকের দোকানে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী ওই দোকানেরই কর্মী ছিলেন। শনিবার রাতে দোকানের একটি ট্রায়াল রুমের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকতে দেখে সন্দেহ হয় অন্য কর্মীদের। এরই মধ্যে দরজার নীচ দিয়ে রক্ত বাইরে বেরিয়ে আসতে দেখেন এক কর্মী। এরপর দরজা খুলতেই ভিতরে তরুণীর রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকান এবং আশপাশের এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই তরুণীকে খুন করা হল, ঘটনার সময় দোকানে কারা উপস্থিত ছিলেন এবং খুনের পিছনে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।