কাজিরাঙায় দুর্ঘটনায় গ্রেফতার ট্র্যাভেলার মালিক

অসমের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনাগ্রস্ত ফোর্স ট্রাভেলারটি এর আগেও একাধিকবার নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করে চলেছিল বলে জানতে পেরেছে পুলিশ। গাড়িটির গতিবিধি এবং মোটর ভেহিকল আইনের সম্ভাব্য লঙ্ঘন নিয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

এই ঘটনায় গাড়ির মালিক অঞ্জির আলিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে আসা অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হল, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বাধ্যতামূলক স্পিড লিমিটার বা গতিনিয়ন্ত্রক যন্ত্র খুলে ফেলা হয়েছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এই যন্ত্রের কাজ হল গাড়ির সর্বোচ্চ গতি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখা। পুলিশের প্রাথমিক সন্দেহ, বেশি সংখ্যক ট্রিপ চালিয়ে অতিরিক্ত ভাড়া উপার্জনের উদ্দেশ্যেই গাড়ির মালিক ও চালক মিলে স্পিড লিমিটারটি খুলে ফেলেছিলেন।