নিউজিল্যান্ড সফরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় ব্যবধানে হারতে হল ভারতীয় ফুটবল দলকে (NZvsIND Friendly)। রবিবার ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ব্লু টাইগার্সকে ৩-০ গোলে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আয়োজক দল। বিরতির পর আর কোনও গোল না হলেও ব্যবধান কমাতে ব্যর্থ হয় ভারত।
নিউজিল্যান্ডের হয়ে গোল করেন ফিন সারম্যান (২২ মিনিট), জেমস ম্যাকগ্যারি (৪০ মিনিট) এবং ক্রিস উড (৪৩ মিনিট)। প্রথমার্ধে ভারতের রক্ষণভাগের একাধিক ভুল এবং নিউজিল্যান্ডের আক্রমণের ধার সামলাতে না পারাই হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
এই ম্যাচে প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন রায়ান উইলিয়ামস। প্রথম প্রীতি ম্যাচের প্রথম একাদশ থেকে পাঁচটি পরিবর্তন করেছিলেন ভারতের কোচ খালিদ জামিল। শুরু থেকেই দলে সুযোগ পান আশিক কুরুনিয়ান, জয় গুপ্ত, মেহতাব সিং, মহম্মদ সানান এবং রোশন সিং নাওরেম।
ম্যাচের প্রথম বাঁশি থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে ভারতকে রক্ষণাত্মক ফুটবল খেলতে বাধ্য করে নিউজিল্যান্ড। পাঁচ ডিফেন্ডারের রক্ষণভাগ সাজিয়ে প্রতিপক্ষের আক্রমণ আটকানোর পরিকল্পনা করেছিলেন খালিদ জামিল। কিন্তু ক্রমাগত আক্রমণের মুখে বেশিক্ষণ প্রতিরোধ ধরে রাখতে পারেনি ভারত।
নবম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে নিউজিল্যান্ড। বাঁ দিক থেকে আসা ক্রসে বক্সের মধ্যে বল পেয়েছিলেন অধিনায়ক ক্রিস উড। তাঁর শট অবশ্য সহজেই আটকে দেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ।
২২ মিনিটে প্রথম গোল পায় নিউজিল্যান্ড। কলাম ম্যাককোয়াটের নেওয়া কর্নার থেকে বক্সের মধ্যে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডিফেন্ডার ফিন সারম্যান। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
গোল খাওয়ার পরেও ভারতের রক্ষণে চাপ অব্যাহত রাখে নিউজিল্যান্ড। ফ্রান্সিস ডি ভ্রিসের শট পাঞ্চ করে বিপদমুক্ত করেন কাইথ। এরপর জেসি রান্ডালের বিপজ্জনক ক্রসও দক্ষতার সঙ্গে আটকে দেন তিনি।
ভারতীয় দল অবশ্য পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল। মনবীর সিং, আশিক কুরুনিয়ান এবং রায়ান উইলিয়ামসের মাধ্যমে আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি ব্লু টাইগার্স।
৪০ মিনিটে ব্যবধান বাড়ায় নিউজিল্যান্ড। ওয়েন পার্কার-প্রাইসের পাস ধরে নিখুঁত দৌড়ে বক্সে ঢুকে বল জালে পাঠান জেমস ম্যাকগ্যারি। ২-০ গোলে পিছিয়ে পড়ে ভারত।
এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে তৃতীয় গোল। ম্যাথিউ গারবেট এবং জেসি রান্ডালের সম্মিলিত আক্রমণ থেকে বল পান ক্রিস উড। তাঁর শট শিনে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। ৪৩ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
৪৪ মিনিটে আরও একটি গোল হজম করতে পারত ভারত। ম্যাককোয়াটের ফ্রি-কিক থেকে ক্রিস উডের হেড দুর্দান্ত দক্ষতায় আটকে দেন কাইথ। শেষ পর্যন্ত প্রথমার্ধে ০-৩ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে ভারত। এই সফরে ভারতের একমাত্র প্রাপ্তি বিশাল কাইথ, যা নিয়ে কোনও সন্দেহ নেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন করেন খালিদ জামিল। মাঠে নামেন বিজয় ভার্গিস, প্রমবীর এবং অভিষেককারী গোলকিপার হৃতিক তিওয়ারি। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করতে না পারলেও গোলরক্ষক হিসেবে আত্মবিশ্বাসী পারফরম্যান্স করেন হৃতিকও।
৫৫ মিনিটে কলাম ম্যাককোয়াটের শট দুরন্তভাবে আটকে দেন তিনি। ফিরতি বলও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম না করায় কিছুটা স্বস্তি পায় ভারত।
৫৯ মিনিটে আরও চারটি পরিবর্তন করেন জামিল। মাঠে আসেন লালরিনলিয়ানা হামতে, মহম্মদ সুহেল, লিস্টন কোলাসো এবং তোম্বা সিং হাওবাম।
৮১ মিনিটে গোলের একটি সুযোগ তৈরি করেছিল ভারত। তোম্বা এবং হামতে সম্মিলিত আক্রমণ থেকে বল পান লিস্টন। কিন্তু বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়।
৮৬ মিনিটে চতুর্থ গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। লাচলান বেলিস বক্সে ঢুকে গোলকিপারকে এগিয়ে আসতে বাধ্য করেন। এরপর কাটব্যাক থেকে অ্যালেক্স রুফার হেড করেন। কিন্তু গোললাইন থেকে দুর্দান্ত ক্লিয়ারেন্স করে ভারতকে বড় বিপদের হাত থেকে বাঁচান বিজয় ভার্গিস।
শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর কোনও গোল না হওয়ায় ৩-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
ভারতীয় দল: বিশাল কাইথ (হৃতিক তিওয়ারি ৪৬’), অভিষেক সিং টেকচাম (বিজয় ভার্গিস ৪৬’), মেহতাব সিং, আকাশ মিশ্র (প্রমবীর ৪৬’), অনিরুধ থাপা (তোম্বা সিং হাওবাম ৫৯’), মনভীর সিং (লালরিনলিয়ানা’ হানামতে ৫৯’), মনভির সিং (লালরিনলিয়ানা ফানাই ৮৪’), মহম্মদ সানান (মহম্মদ সুহেল ৫৯’), রোশন সিং নওরেম (ডেভিড লালহ্লানসাঙ্গা ৭৫’), জয় গুপ্তা, আশিক কুরুনিয়ান (লিস্টন কোলাসো ৫৯’)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
