NZ vs IND 5th ODI: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, শেষ ম্যাাচ জিতে সিরিজ জয়

NZ vs IND 5th ODIছবিঃ বিসিসিআই এক্স

নিউজিল্যান্ডের মাটিতে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের (NZ vs IND 5th ODI)। ব্যাট হাতে প্রথম ইনিংসে বড় রান তুলতে না পারলেও বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ২২ রানে হারাল ভারত। এই জয়ের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে ভারতের এই জয় নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চাপে রাখেন কিউয়ি বোলাররা।ম্যাথিউ ফিশারের বলে মাত্র ৭ রান করে ফিরে যান রোহিত শর্মা। বিরাট কোহলিও বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ মাত্র ৫ রান। রুতুরাজ গায়কোয়াড় করেন ১৮ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসে ২২ রান। ফলে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।


এই পরিস্থিতিতে দলের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং ঈশান কিষাণ। দু’জনেই ৪৬ রান করে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অক্ষর ৫৫ বলে ৫টি চার ও একটি ছক্কা মারেন। অন্যদিকে ঈশান ৫৮ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন।

নমন ধীরের ব্যাট থেকে আসে ২২ রান। তবে ভারতের লোয়ার অর্ডারও খুব বেশি রান যোগ করতে পারেনি। শেষ দিকে মহম্মদ সিরাজ ১৪ এবং অর্শদীপ সিং মাত্র ৪ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অর্শদীপের ইনিংসে ছিল দু’টি ছক্কা। শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন। মিচেল স্যান্টনারও ৪৭ রানে ৩ উইকেট তুলে নেন। ম্যাথিউ ফিশার নেন ২ উইকেট।

২১০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নিউজিল্যান্ড। উইল ইয়ং এবং টিম সাইফার্ট প্রথম উইকেটে গুরুত্বপূর্ণ রান যোগ করেন। তবে মহম্মদ সিরাজের বলে ১৪ রান করে ফিরে যান সাইফার্ট।

এরপর উইল ইয়ংকে ফেরান অর্শদীপ সিং। ৪২ বলে ২২ রান করে আউট হন ইয়ং। নিক কেলি ২৪ রান করলেও তাঁকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি অর্শদীপ।

নিউজিল্যান্ডের হয়ে ডিন ফক্সক্রফট সর্বোচ্চ ৩১ রান করেন। কিন্তু তাঁর আউটের পর ক্রমশ চাপে পড়ে যায় স্বাগতিক দল। ফিন অ্যালেন মাত্র ১ রান করে সিরাজের বলে বোল্ড হন। মাইকেল ব্রেসওয়েল করেন ১৯ রান। এরপর অধিনায়ক মিচেল স্যান্টনার ২৪ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। ক্রিশ্চিয়ান ক্লার্কের ব্যাট থেকে আসে ১৬ রান। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগর অর্শদীপ সিং। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। তাঁর নিয়ন্ত্রিত বোলিং নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারকে বড় ধাক্কা দেয়। মহম্মদ সিরাজ ৫০ রান দিয়ে ২ উইকেট নেন। অক্ষর প্যাটেল ২৮ রানে ২ উইকেট তুলে নেন। এছাড়া যশ ঠাকুর এবং আকিব নবি একটি করে উইকেট পান। নামন ধীরও একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের বলে ব্লেয়ার টিকনার স্টাম্পড হতেই ১৮৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ভারত জিতে যায় ২২ রানে।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অর্শদীপ সিং। অন্যদিকে গোটা সিরিজে ৯টি উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন গুরনুর ব্রার। টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ায় তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন শ্রেয়স আইয়ার।

এই জয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ান ডে সিরিজ জিতল ভারত। ব্যাটিংয়ে ব্যর্থতার পরেও বোলারদের সম্মিলিত পারফরম্যান্স এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কৌশলী বোলিং পরিবর্তনই শেষ ম্যাচে ভারতকে জয়ের মুখ দেখাল।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google