বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল রতন শেখের। শান্তিনিকেতনের লায়েকবাজারে পুলিশ কনস্টেবলকে গুলি করে পালানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রবিবার পুলিশের গুলিতে গুরুতর জখম হওয়ার পর নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর গত ছ’মাসে এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা।
গত ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লায়েকবাজার এলাকায় রতন শেখকে ধরতে যান তিন জন সাদা পোশাকের পুলিশকর্মী। অভিযোগ, তাঁকে আটক করার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রতন। সেই গুলিতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে আঘাত লাগে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
পুলিশের দাবি, পরবর্তী সময়ে রতন শেখকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একটি আগ্নেয়াস্ত্রের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দেন। সেই অস্ত্র উদ্ধারের জন্য রবিবার নানুর থানার অন্তর্গত উচকরণ এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালায় পুলিশ। পুলিশের বক্তব্য, সেখানে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান রতন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।