বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। গত কয়েক ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়েছে এই আবহাওয়া ব্যবস্থা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ১৮ থেকে ২০ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত ১ জারি করা হয়েছে। সাগর দ্বীপ বন্দরে জারি হয়েছে চার ও পাঁচ নম্বর বিভাগীয় সংকেত। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘আকভান’ (Akvan)। নামটি দিয়েছে ইরান।