ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার প্রতারণার আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। এবার প্রতারকদের ফাঁদে পড়ে প্রায় ৪ কোটি টাকা খোয়ালেন নিউ ইয়র্কের এক অবসরপ্রাপ্ত আইনজীবী। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে প্রায় ২০ দিন ধরে কার্যত ভার্চুয়াল নজরদারিতে রেখেছিল সাইবার প্রতারকরা। প্রতারিত ব্যক্তির নাম অতুল তলওয়ার।
অভিযোগ, প্রতারকরা নিজেদের সিবিআই (CBI) এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-র আধিকারিক বলে পরিচয় দেয়। এরপর তাঁকে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগে জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। তদন্তের অজুহাতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের উপর নজরদারি চলছে বলে বিশ্বাস করানো হয়। সেই আতঙ্ক থেকেই শেষ পর্যন্ত নিজের সঞ্চিত অর্থ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করেন ওই অবসরপ্রাপ্ত আইনজীবী।
অতুল তলওয়ার আদতে দিল্লির বাসিন্দা। ১৯৮২ সালে তিনি নিউ ইয়র্কে চলে যান। সেখানে প্রায় তিন দশক ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন।