দিল্লিতে ফের বাড়ি ভেঙে বড়সড় বিপর্যয়। মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত এক ব্যক্তি ও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অন্তত আটজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ। বাড়িটির ভাঙা কংক্রিটের চাঙড় এবং বেরিয়ে থাকা লোহার রডের মধ্যে চলছে তল্লাশি। ধ্বংসস্তূপের নীচে কেউ জীবিত অবস্থায় আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আচমকাই বাড়িটির একটি বড় অংশ ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ফলে মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।