কুলগামে লস্কর জঙ্গি লতিফ ভাটের CCTV ফুটেজ প্রকাশ

জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর উপর হামলার আগে জঙ্গিদের গতিবিধির CCTV ফুটেজ প্রকাশ করল পুলিশ। ফুটেজে দেখা গিয়েছে, লস্কর-ই-তইবার অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাট এবং তার সহযোগী উমর নিসার দার হামলার এক দিন আগে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বিভিন্ন এলাকা ঘুরে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করছে।

পুলিশের দাবি, গত সপ্তাহে একটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) চেকপোস্টে হামলার আগে এই দু’জন এলাকায় রেইকি চালিয়েছিল। হামলার পর থেকেই তাদের খোঁজে তল্লাশি শুরু হয়। সোমবার লারু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে উমর নিসার দারের। তবে প্রাথমিক ঘেরাটোপ ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ ভাট। তার খোঁজে এখনও ব্যাপক তল্লাশি অভিযান চলছে।


লতিফ ভাটকে লস্কর-ই-তইবার অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা বাহিনী। ফলে তার পালিয়ে যাওয়ার ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কুলগাম ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।