Skin Problem: শীত পুরোপুরি আসার আগেই শুষ্ক ত্বক, ফাটছে গোড়ালি! কীভাবে যত্ন নেবেন?

শীতে রুক্ষ ত্বক

শীত এখনও সেভাবে জাঁকিয়ে বসেনি। সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় তাপমাত্রা বেশ স্বাভাবিক। কিন্তু আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যেই অনেকের ত্বকে দেখা দিতে শুরু করেছে শুষ্কতার সমস্যা (Skin Problem)। কারও ঠোঁট ফাটছে, কারও হাত-পায়ের চামড়া রুক্ষ হয়ে যাচ্ছে। আবার অনেকের গোড়ালির চামড়া শক্ত হয়ে ফেটে যাচ্ছে। শীত পুরোপুরি আসার আগেই যদি এই সমস্যা শুরু হয়, তাহলে আগামী দিনে তা আরও বাড়তে পারে।

বিশেষ করে যাঁদের ত্বক স্বাভাবিকভাবেই শুষ্ক, যাঁরা দীর্ঘক্ষণ জলের কাজ করেন, খালি পায়ে হাঁটেন অথবা নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করেন না, তাঁদের ক্ষেত্রে সমস্যা বেশি দেখা যায়।


তবে ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা গোড়ালি ফাটাকে শুধু শীতের স্বাভাবিক সমস্যা ভেবে অবহেলা করা ঠিক নয়। এখন থেকেই কিছু নিয়ম মেনে চললে ত্বকের আর্দ্রতা বজায় রাখা সম্ভব। পাশাপাশি গোড়ালির ফাটল গভীর হওয়া, ব্যথা বা সংক্রমণের ঝুঁকিও কমানো যায়।

তার আগে জানতে হবে কেন দ্রুত ত্বকের এই সমস্যা দেখা দিচ্ছে। ত্বকের বাইরের স্তর শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আবহাওয়ার আর্দ্রতা কমে গেলে, ঠান্ডা ও শুষ্ক বাতাসের সংস্পর্শে এলে কিংবা অতিরিক্ত গরম জলে স্নান করলে ত্বকের স্বাভাবিক তেল ও আর্দ্রতা কমে যেতে পারে।

এর ফলে ত্বক টানটান লাগে, চুলকানি হয়, খসখসে ভাব দেখা দেয় এবং কখনও কখনও সূক্ষ্ম ফাটল তৈরি হয়। এ ছাড়াও কয়েকটি কারণে এই সমস্যা বাড়তে পারে, তার মধ্যে বারবার সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা, দীর্ঘক্ষণ গরম জলে স্নান করা, ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার না করা, পর্যাপ্ত জল না খাওয়া খালি পায়ে শক্ত মেঝেতে হাঁটা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, খোলা পিছনের জুতো বা স্যান্ডেল পরা, কিছু ক্ষেত্রে একজিমা, সোরিয়াসিস, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যার সঙ্গেও ত্বকের অতিরিক্ত শুষ্কতার সম্পর্ক থাকতে পারে।

এছাড়া গোড়ালির ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় স্বাভাবিকভাবেই কিছুটা পুরু। হাঁটাচলা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে গোড়ালির উপর চাপ পড়ে। ত্বক অতিরিক্ত শুষ্ক ও শক্ত হয়ে গেলে সেই চাপের কারণে চামড়ায় চির ধরতে পারে। প্রথমে গোড়ালির চারপাশে সাদা, শক্ত ও রুক্ষ চামড়া দেখা যায়। পরে ছোট ছোট ফাটল তৈরি হয়। সময়মতো যত্ন না নিলে সেই ফাটল গভীর হয়ে ব্যথা, রক্তপাত এমনকী সংক্রমণের কারণও হতে পারে।

এখন থেকেই ত্বকের যত্নে কী কী করতে হবে তা জেনে নিন-

১. স্নানের পরপরই ময়েশ্চারাইজার লাগানঃ ত্বক শুষ্ক হওয়ার অন্যতম কারণ হল ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়া। তাই স্নানের পর ত্বক পুরোপুরি শুকিয়ে যাওয়ার অপেক্ষা করবেন না। তোয়ালে দিয়ে আলতো করে জল মুছে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। গ্লিসারিন, সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, পেট্রোলাটাম বা শিয়া বাটার রয়েছে এমন ক্রিম ব্যবহার করতে পারেন। সাধারণ লোশনের তুলনায় ঘন ক্রিম বা অয়েন্টমেন্ট অনেক সময় বেশি কার্যকর হয়।

২. খুব গরম জলে স্নান করবেন নাঃ শীতের শুরুতে অনেকেই গরম জলে স্নান করতে পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত গরম জল ত্বকের স্বাভাবিক তেল সরিয়ে দিয়ে শুষ্কতা বাড়াতে পারে। তাই কুসুম গরম জল ব্যবহার করুন। স্নানের সময় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করুন।

৩. সাবান ব্যবহারে সতর্ক থাকুনঃ বারবার সাবান দিয়ে হাত-মুখ ধুলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমতে পারে। তাই মাইল্ড, সুগন্ধিবিহীন ক্লিনজার ব্যবহার করুন। বিশেষ করে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে কড়া সুগন্ধি বা অ্যালকোহলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলা ভালো।

৪. হাত-পায়ের বিশেষ যত্ন নিনঃ শীতের শুরুতেই হাতের আঙুল, কনুই, হাঁটু এবং পায়ের পাতা শুষ্ক হয়ে যায়। প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। বাসন মাজা বা কাপড় কাচার সময় গ্লাভস পরুন। এতে ডিটারজেন্টের সরাসরি সংস্পর্শ থেকে ত্বককে রক্ষা করা সম্ভব।

৫. ঠোঁটের যত্ন নিতে ভুলবেন নাঃ শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফাটার সমস্যা খুব সাধারণ। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস এড়িয়ে চলুন। পেট্রোলিয়াম জেলি বা উপযুক্ত লিপ বাম ব্যবহার করুন। বাইরে বেরোনোর সময় SPF-যুক্ত লিপ বাম ব্যবহার করা ভালো।

গোড়ালি ফাটা আটকাতে বিশেষ পরিচর্যা

গোড়ালি ফাটার সমস্যা শুরু হলে প্রথম থেকেই নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। কয়েকটি সহজ অভ্যাসে অনেকটাই উপকার পাওয়া যেতে পারে।

১. ইউরিয়া যুক্ত ফুট ক্রিম ব্যবহার করুনঃ গোড়ালির শক্ত ও রুক্ষ চামড়া নরম করতে ১০-২৫ শতাংশ ইউরিয়া রয়েছে এমন ফুট ক্রিম ব্যবহার করা যেতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ক্রিমও কাজে আসে। তবে ফাটল গভীর বা খোলা থাকলে এই ধরনের ক্রিম লাগালে জ্বালা করতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

২. রাতে পেট্রোলিয়াম জেলি লাগানঃ গোড়ালি ফাটার সমস্যা সামলানোর সহজ উপায় হল রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগানো। প্রথমে পা পরিষ্কার করে ভালোভাবে মুছে নিন। তারপর গোড়ালিতে ঘন করে জেলি লাগিয়ে সুতির মোজা পরে ঘুমিয়ে পড়ুন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

৩. মৃত চামড়া তুলতে সাবধানতা অবলম্বন করুনঃ গোড়ালিতে শক্ত চামড়া জমলে অনেকে ব্লেড বা ধারালো কিছু দিয়ে তা কেটে ফেলেন। এই অভ্যাস বিপজ্জনক। এতে চামড়া কেটে গিয়ে সংক্রমণ হতে পারে। বরং পা কিছুক্ষণ কুসুম গরম জলে রেখে নরম হলে পিউমিস স্টোন দিয়ে খুব আলতো করে ঘষতে পারেন। তবে খোলা ক্ষত বা গভীর ফাটল থাকলে ঘষাঘষি করবেন না।

৪. সঠিক জুতো পরুনঃ বাড়িতে বা বাইরে দীর্ঘক্ষণ খালি পায়ে হাঁটবেন না। পিছন খোলা চটি বা স্যান্ডেলের পরিবর্তে গোড়ালি ঢাকা, নরম এবং মাপমতো জুতো ব্যবহার করুন। এতে গোড়ালির উপর চাপ কম পড়ে এবং ফাটল বাড়ার আশঙ্কাও কমে।

ত্বক ভালো রাখতে খাবারদাবারেরও গুরুত্ব অপরিহার্য। শুধু বাইরে থেকে ক্রিম লাগালেই ত্বকের যত্ন সম্পূর্ণ হয় না। শরীরের সামগ্রিক পুষ্টির দিকেও নজর দিতে হবে। শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জল পান করুন। ভিটামিন সি-এর জন্য আমলকি, পেয়ারা, কমলালেবু, পাতিলেবু খান। ত্বকের কোলাজেন তৈরিতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ। ভিটামিন ই-এর জন্য বাদাম, সূর্যমুখীর বীজ এবং অন্যান্য বাদামজাতীয় খাবার রাখতে পারেন। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের জন্য মাছ, আখরোট ও বিভিন্ন বীজ খাদ্যতালিকায় রাখতে পারেন। আর প্রোটিনের জন্য অবশ্যই ডিম, মাছ, ডাল ও দুধের মতো খাবার ত্বকের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে।

মনে রাখতে হবে, শুধু বেশি জল খেলেই শুষ্ক ত্বকের সমস্যা দূর হয় না। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার এবং ত্বকের সুরক্ষা সমান গুরুত্বপূর্ণ।

তাহলে শীতের অপেক্ষায় না থেকে এখন থেকেই ত্বকের যত্ন শুরু করুন। প্রতিদিন স্নানের পর ময়েশ্চারাইজার লাগানো, রাতে গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার, কুসুম গরম জলে স্নান এবং সঠিক জুতো পরার মতো ছোট ছোট অভ্যাসই শীতের শুষ্কতা থেকে অনেকটা সুরক্ষা দিতে পারে। ত্বকের যত্ন কোনও একদিনের কাজ নয়। নিয়মিত পরিচর্যাই সুস্থ, নরম ও সুন্দর ত্বক বজায় রাখার সবচেয়ে ভালো উপায়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google