মধ্যপ্রদেশের সেওনি জেলায় এক অবিবাহিত প্রাপ্তবয়স্ক যুগলকে মিথ্যা গাঁজা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক সিনিয়র পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্রের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর একটি হোটেলে যুগলটির সঙ্গে পুলিশের কথোপকথনের সময় ঘটনাটি ঘটে।
ভিডিওতে ওই তরুণীকে বলতে শোনা যায়, তাঁরা দু’জনেই প্রাপ্তবয়স্ক, একই জাতের এবং বিয়ে করতে চান। তবে পুলিশ আধিকারিকরা তাঁদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার জন্য চাপ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও ভাইরাল ভিডিওতে ওঠা অভিযোগের সত্যতা এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।