জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাট। গত ১১ নভেম্বর আখরান এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় জড়িত ছিল সে। ওই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন।
নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের দাবি, সংঘর্ষের সময় একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল লতিফ। নিরাপত্তাবাহিনীর তরফে তাকে আত্মসমর্পণ করতে বলা হলে সে পাল্টা গুলি চালায়। এরপরই শুরু হয় গুলির লড়াই। সেই সংঘর্ষেই মৃত্যু হয় লতিফ ভাটের। ঘটনার আগে নিরাপত্তাবাহিনীর তরফে একাধিকবার আত্মসমর্পণের আবেদন জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর কুলগামের লারু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল লতিফের সহযোগী উমর নিসার দারের। সেই সংঘর্ষের সময় নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ। এরপর থেকেই তাকে খুঁজতে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ ও নিরাপত্তাবাহিনী।