জাতীয় প্যারা সাঁতার প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য বাংলার তারুনিকা ঘোষের। ভোপালে আয়োজিত ২৬তম ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে একটি সোনা ও একটি রুপোর পদক জিতে নজর কাড়লেন তিনি। গত ১২ থেকে ১৫ নভেম্বর ভোপালের প্রকাশ তরন সরকারি সুইমিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সেখানে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে প্রথম স্থান অধিকার করে সোনার পদক জেতেন তারুনিকা। পাশাপাশি ৫০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে তাঁর ঝুলিতে আসে রুপোর পদক।
জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় জোড়া পদক জয় তারুনিকার ক্রীড়াজীবনে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাফল্য। প্রতিভা, কঠোর পরিশ্রম ও অদম্য মানসিকতার জোরে জাতীয় মঞ্চে নিজের দক্ষতার পরিচয় দিলেন তারুনিকা। আগামী দিনে আরও বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে এই জয় তাঁকে নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।