বামপন্থী প্রগতিশীল সাহিত্যের পাল্টা জাতীয়তাবাদী বইয়ের সম্ভার নিয়ে কলেজ স্ট্রিটে হাজির হতে চেয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এসএফআইয়ের বুকস্টলের সামনেই নিজেদের বইয়ের স্টল সাজিয়ে বসার উদ্যোগ ঘিরে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে শুরু হয় বচসা, যা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অশান্তি ঠেকাতে দু’পক্ষের মাঝে ব্যারিকেড তৈরি করে পুলিশ বাহিনী। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং উত্তেজনা আরও বাড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবিভিপি সদস্যরা। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। বইয়ের স্টল ঘিরে দুই ছাত্র সংগঠনের এই সংঘাতকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ স্ট্রিট এলাকা। এখনও এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রয়েছে উত্তেজনা।