আমেরিকায় প্রায় ২০ বছরের কারাদণ্ড ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার

খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আমেরিকার আদালতে প্রায় ২০ বছরের কারাদণ্ড হল ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার। শুক্রবার মার্কিন আদালত এই সাজা ঘোষণা করেছে। আমেরিকার মাটিতে পন্নুনকে হত্যার জন্য সুপারি দেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৫৫ বছর বয়সি নিখিল।

মার্কিন আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে নিউ ইয়র্কে পন্নুনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিখিল গুপ্তা এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাঁকে তিনি ভাড়াটে খুনি বলে মনে করেছিলেন। কিন্তু বাস্তবে ওই ব্যক্তি ছিলেন মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা DEA-র এক গোপন সূত্র।


অভিযোগ অনুযায়ী, পন্নুনকে খুন করার জন্য ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার পরিকল্পনা হয়েছিল। এমনকী অগ্রিম হিসেবে ১৫ হাজার ডলারও দেওয়া হয়েছিল বলে আদালতে জানানো হয়। তবে মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথমদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিখিল গুপ্তা তিনটি অভিযোগেই দোষ স্বীকার করেন।