মায়ের লিভ-ইন সঙ্গীর হাতে খুন ১৮ বছরের ছেলে!

বেঙ্গালুরুতে পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি! মায়ের লিভ-ইন সঙ্গীর হাতে খুন হতে হল ১৮ বছরের এক তরুণকে। অভিযোগ, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই তরুণকে। শুধু তাই নয়, তরুণকে খুনের পর তার মাকেও প্রাণে মারার চেষ্টা করে অভিযুক্ত। এরপর মহিলাকে তাঁদের ভাড়া করা ফ্ল্যাটের একটি ঘরে আটকে রাখা হয় টানা চার দিন। এমনই চাঞ্চল্যকর ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর রাতে বেঙ্গালুরুর পদ্মনাভনগরের রাঘবেন্দ্র লেআউট এলাকার এসআরআরকে তুলসী অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে। ওই ফ্ল্যাটে অভিযুক্ত, মহিলা এবং তাঁর ১৮ বছরের ছেলে একসঙ্গেই থাকতেন।


বাড়ির মালিকের দাবি, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ওই দম্পতি ফ্ল্যাটটিতে ভাড়া থাকছিলেন। গত ছয় মাস ধরে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। প্রতিবেশীদের কাছ থেকেও একাধিকবার অশান্তির অভিযোগ পেয়েছিলেন বাড়ির মালিক।