উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে ১৩ বছরের এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। অভিযোগ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের রোড শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, এসপি মানেই গুন্ডাগিরি।
অন্যদিকে, যোগীর অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ করেছেন অখিলেশ। তাঁর দাবি, বিজেপি কিশোরের মৃত্যু নিয়ে মিথ্যা শোক প্রকাশ করছে এবং অন্যায়ভাবে সমাজবাদী পার্টিকে দায়ী করছে।
বৃহস্পতিবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। দলের দাবি, সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, বুলডোজার বা এক্সকাভেটরটি কিশোরকে পিষে দেওয়ার সময় সেখানে কোনও রোড শো চলছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।