কানাডায় ওয়ালমার্টের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত দম্পতির

কানাডায় ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত দুই যুবক-যুবতীর। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরে একটি ওয়ালমার্ট স্টোরের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতির। মৃতদের নাম গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং সুখজিৎ কৌর। তাঁদের বয়স যথাক্রমে ২৩ ও ২৪ বছর।

জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর রাত প্রায় ১০টা ৩৮ মিনিট নাগাদ সারের একটি ওয়ালমার্ট স্টোরের পার্কিং লটে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দু’জনের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।


এই ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি কোনও আকস্মিক গুলিচালনার ঘটনা নয়। বরং পরিকল্পনামাফিক ওই দম্পতিকে নিশানা করেই হামলা চালানো হয়ে থাকতে পারে। অর্থাৎ, ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।