রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা! একই পরিবারের ৯ জনের মৃত্যু

রাজস্থানে তীর্থযাত্রা সেরে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন সদস্য। মৃতদের মধ্যে রয়েছে শিশুও। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। রবিবার গভীর রাতে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

রাত প্রায় দুটো নাগাদ মহারাষ্ট্রের একটি পরিবারের ১৫ জন ফোর্স ক্রুজার গাড়িতে চেপে রাজস্থানের খাটু শ্যামজির মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়ি। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর চালকের চোখ লেগে গিয়েছিল।


এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নাম উষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। মৃতদের মধ্যে দুই ভাই, তাঁদের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন।