সুন্দর ও উজ্জ্বল ত্বকের আশায় সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে অনলাইনে কেনা ফেয়ারনেস ক্রিম (Fairness Cream) ব্যবহার করেছিলেন এক কিশোরী। কিন্তু সেই ক্রিমই শেষ পর্যন্ত তাঁর জীবনে ডেকে আনল ভয়াবহ বিপদ। মাত্র ১৭ বছর বয়সেই গুরুতর কিডনির অসুখে আক্রান্ত হলেন কেরলের ওই কিশোরী। চিকিৎসকদের পরীক্ষায় তাঁর রক্ত ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের (Mercury) উপস্থিতি ধরা পড়েছে। এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রসাধনী পণ্যের নিরাপত্তা।
জানা গিয়েছে, কেরলের মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা চলছে। প্রায় এক বছর ধরে তিনি অনলাইনে কেনা একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করছিলেন। প্রথমদিকে ব্রণ, মুখের কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর করতে ক্রিমটি কার্যকর বলে মনে হয়েছিল তাঁর। সেই কারণেই নিয়মিত ক্রিমটি ব্যবহার করতে শুরু করেন তিনি।
কিশোরীর দাবি, ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচারমূলক ভিডিও দেখেই ওই ক্রিম সম্পর্কে জানতে পারেন। পরে ইনস্টাগ্রামে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ক্রিমটি অর্ডার করেন। কিন্তু ধীরে ধীরে তাঁর শরীরে দেখা দিতে শুরু করে একাধিক অস্বাভাবিক উপসর্গ।
হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, অজ্ঞান হয়ে পড়া এবং পায়ে অস্বাভাবিকভাবে জল জমে ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর সামনে আসে ভয়ংকর তথ্য।
চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীর শরীরে পারদের মাত্রা অত্যন্ত বেশি। পরীক্ষায় কিশোরীর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি (Membranous Nephropathy) ধরা পড়েছে। এটি কিডনির একটি গুরুতর রোগ, যার ফলে কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যেতে পারে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ওই ফেয়ারনেস ক্রিমের নমুনা পরীক্ষা করে প্রতি মিলিয়নে ১২,৫০০ অংশ (১২,৫০০ ppm) পারদের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। অথচ অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক অংশেরও কম। অর্থাৎ ক্রিমটিতে পারদের উপস্থিতি নির্ধারিত সীমার তুলনায় ভয়াবহভাবে বেশি।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসনও। কেরলের রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
বার বার ফেয়ারনেস ক্রিম নিয়ে সতর্কবার্তা দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু সৌন্দর্য্যের লোভে বার বার একই ভুল করে বসে মেয়েরা। বিশেষজ্ঞদের মতে, ত্বক ফর্সা করা বা দাগ দূর করার প্রতিশ্রুতি দিয়ে অনলাইনে বিক্রি হওয়া প্রতিটি প্রসাধনী পণ্য নিরাপদ নয়। বিশেষ করে অজানা সংস্থা বা বিক্রেতার কাছ থেকে কেনা ক্রিমে ক্ষতিকর রাসায়নিক ও ভারী ধাতু থাকতে পারে। পারদযুক্ত প্রসাধনী দীর্ঘদিন ব্যবহার করলে কিডনি ও স্নায়ুতন্ত্রের গুরুতর ক্ষতি হতে পারে।
এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সোশ্যাল মিডিয়ার প্রচার দেখে যাচাই না করে প্রসাধনী কেনা কতটা বিপজ্জনক হতে পারে। সাময়িক সৌন্দর্যের লোভে যেন সারাজীবনের স্বাস্থ্য বিপন্ন না হয়, সেই সতর্কবার্তাই দিচ্ছেন চিকিৎসকরা।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
