Nagaland Tourism হাত মেলাল ভারতীয় ফুটবল লিগের সঙ্গে

হর্নবিলের মঞ্চকে কাজে লাগিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছে নাগাল্যান্ডের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগে ভারতীয় ফুটবল লিগের (IFL) Destination Partner হল নাগাল্যান্ড ট্যুরিজম (Nagaland Tourism)।

ফুটবল ও পর্যটনকে এক সুতোয় বাঁধতে বড় উদ্যোগ নিল নাগাল্যান্ড সরকার। ২০২৬-২৭ মরসুমের জন্য ভারতীয় ফুটবল লিগের (Indian Football League) সঙ্গে যুক্ত হল নাগাল্যান্ড ট্যুরিজম। লিগের অফিশিয়াল ডেস্টিনেশন পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে নাগাল্যান্ড পর্যটন দফতর। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের কাছে নাগাল্যান্ডের সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরতে চায় রাজ্য সরকার।


এই উদ্যোগের মূল লক্ষ্য ‘Naturally Nagaland’ ব্র্যান্ডকে আরও জনপ্রিয় করে তোলা। ভারতীয় ফুটবল লিগের দেশজোড়া উপস্থিতি এবং টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে নাগাল্যান্ডকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই অংশীদারিত্বের অন্যতম আকর্ষণ নাগাল্যান্ডের বিশ্বখ্যাত হর্নবিল উৎসব। ‘Festival of Festivals’ নামে পরিচিত এই উৎসবের ২৭তম সংস্করণ অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। কোহিমার কাছে কিসামার নাগা হেরিটেজ ভিলেজে আয়োজিত হবে এই উৎসব। নাগাল্যান্ডের বিভিন্ন জনজাতির সংস্কৃতি, ঐতিহ্য, লোকসংগীত, নৃত্য, খাবার এবং জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় এই উৎসবে। ফুটবলের সঙ্গে এই উৎসবকে যুক্ত করে রাজ্যে পর্যটকদের আগ্রহ বাড়াতে চাইছে আয়োজকরা।

এই অংশীদারিত্ব নিয়ে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ডঃ নেইফিউ রিও বলেন, নাগাল্যান্ড উৎসবের দেশ। সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের আন্তরিক আতিথেয়তা এই রাজ্যের সবচেয়ে বড় সম্পদ। নাগাল্যান্ডের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতিকে দেশের পাশাপাশি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। পর্যটন, খেলাধুলো এবং সৃজনশীল অর্থনীতির মাধ্যমে নতুন সুযোগ তৈরির ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, নাগাল্যান্ডকে এমন একটি পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাঁরা, যেখানে মানুষ শুধু ঘুরতে আসবেন না, বরং স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এই অংশীদারিত্ব যুবসমাজকে অনুপ্রাণিত করার পাশাপাশি নাগাল্যান্ডের পরিচিতি আরও বাড়াবে।

নাগাল্যান্ডের পর্যটনমন্ত্রী তেমজেন ইমনা অ্যালংও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, নাগাল্যান্ডের সংগীত, খাবার, সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের আতিথেয়তা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। ভারতীয় ফুটবল লিগের সঙ্গে এই সহযোগিতা রাজ্যের পর্যটনকে নতুন দিশা দেখাবে। বিশেষ করে হর্নবিল উৎসবের সঙ্গে ফুটবলের সংযোগ তৈরি হওয়ায় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

অন্যদিকে, ভারতীয় ফুটবল লিগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নিলদীপ মণ্ডল জানিয়েছেন, নাগাল্যান্ড ট্যুরিজমকে লিগের Official Destination Partner হিসেবে পেয়ে তাঁরা গর্বিত। তাঁর মতে, নাগাল্যান্ডের ফুটবলের প্রতি ভালোবাসা যেমন সুপরিচিত, তেমনই রাজ্যটির সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তাও অসাধারণ। অথচ দেশের অনেক মানুষের কাছেই নাগাল্যান্ডের এই বৈচিত্র্য এখনও যথেষ্ট পরিচিত নয়।

তিনি আরও জানান, ভারতীয় ফুটবল লিগের দেশজুড়ে উপস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিটি স্টেডিয়াম এবং সম্প্রচারের মাধ্যমে নাগাল্যান্ডের পরিচিতি তুলে ধরা হবে। হর্নবিল উৎসবের সঙ্গে এই সংযোগ ফুটবল ও সংস্কৃতিকে এক মঞ্চে নিয়ে আসবে। এর ফলে আরও বেশি মানুষ নাগাল্যান্ড ভ্রমণে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, নাগাল্যান্ডের ফুটবলের ইতিহাসেও ২০২৬-২৭ মরসূম বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রথম রাজ্যের কোনও ক্লাব ভারতীয় ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছে। নাগাল্যান্ড ইউনাইটেড স্পোর্টস ক্লাব দেশের এই গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করছে। গত ৩০ অক্টোবর ঐতিহাসিক অভিষেক অভিযান শুরু করেছে তারা।

সব মিলিয়ে, এই উদ্যোগ শুধু একটি বাণিজ্যিক অংশীদারিত্ব নয়। ফুটবলকে হাতিয়ার করে নাগাল্যান্ডের পর্যটন, সংস্কৃতি এবং স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ। একদিকে মাঠে নাগাল্যান্ডের ফুটবলের নতুন পরিচয়, অন্যদিকে পর্যটনের মানচিত্রে রাজ্যকে আরও উজ্জ্বল করে তোলার স্বপ্ন—দুই লক্ষ্যেই এগোতে চাইছে নাগাল্যান্ড।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google