শিয়ালদহে রেললাইনের নিচে নিকাশি নালায় ধস

শিয়ালদহ ট্রেন রুটে বড়সড় বিপত্তির আশঙ্কা। রেললাইনের ঠিক নিচে নিকাশি নালায় ধস নামায় ফাটল ধরেছে পাইপের একাংশে। সোমবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে স্টেশন থেকে বেরনোর মুখেই এই ঘটনা নজরে আসে। যদিও এখনও পর্যন্ত ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি, তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। যে কোনও মুহূর্তে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গিয়েছে, সোমবার রাতে রেললাইনের নীচে থাকা নিকাশি নালার একাংশে ধসের কারণে পাইপের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নজরে আসতেই দ্রুত মেরামতির কাজে নেমে পড়েন রেলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। মঙ্গলবার সকালেও সেই কাজ অব্যাহত রয়েছে।


তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা যাচ্ছে। রেলকর্মীদের তৎপরতায় দ্রুত মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে। যাত্রীদের পরিষেবায় যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, সেদিকেই এখন নজর রেল কর্তৃপক্ষের।