আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদারদের জন্য নতুন করে উদ্বেগের পরিস্থিতি তৈরি হল। অধিকাংশ পদের ক্ষেত্রে মার্কিন ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি সংস্থা IBM। বিশেষ করে সংস্থার কনসাল্টিং বিভাগে কর্মরত কর্মীদের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, IBM-এর এই কনসাল্টিং বিভাগে কর্মীর সংখ্যা দেড় লক্ষেরও বেশি।
জানা গিয়েছে, সংস্থার এই সিদ্ধান্তের ফলে আমেরিকায় কর্মরত হাজার হাজার ভারতীয় পেশাদার অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। কারণ, মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয়দের একটা বড় অংশ H-1B-র মতো কাজের ভিসার উপর নির্ভরশীল। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের অপেক্ষাতেও রয়েছেন অনেকে।
রিপোর্ট অনুযায়ী, IBM-এর কনসাল্টিং বিভাগের অধিকাংশ চাকরির ক্ষেত্রে নতুন করে ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসর করা হবে না। ইতিমধ্যেই যাঁরা এই সিদ্ধান্তের আওতায় পড়েছেন, তাঁদের সামনে দু’টি বিকল্প রাখা হয়েছে। হয় আমেরিকার বাইরে অন্য কোনও দেশে স্থানান্তরিত হয়ে সংস্থার হয়ে কাজ চালিয়ে যেতে হবে, অথবা চাকরি ছাড়তে হবে।
কর্মীদের জন্য সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছে সংস্থা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানা গিয়েছে।