সাতসকালে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনআরএস) ভয়াবহ দুর্ঘটনা। এক্স-রে চলাকালীন আচমকাই ঘরের ছাদ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়। ঘটনায় হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। তবে বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক্স-রে করাতে আসা রোগী এবং দায়িত্বে থাকা টেকনিশিয়ান।
তবে এই দুর্ঘটনার পরেই উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল এনআরএসে প্রতিদিন চিকিৎসার জন্য আসেন হাজার হাজার রোগী ও তাঁদের পরিজন। সেখানে হাসপাতালের পরিকাঠামোর এমন বেহাল দশা কেন? রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ভবন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয় কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।