Vande Bharat Food-এ কাটছাঁট, এবার কম পদে উন্নত খাবার পরিবেশনের উদ্যোগ রেলের

Train Late

দীর্ঘ দূরত্বের ট্রেনযাত্রায় খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। সেই অভিযোগের সমাধানে এবার খাবারের মেনুতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। বেশি পদ পরিবেশনের পরিবর্তে কম পদে উন্নত মানের খাবার যাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেনে এই নতুন ব্যবস্থা চালু করেছে ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Vande Bharat Food))।

রেল সূত্রে খবর, বিমানের খাবারের মেনুর আদলে তৈরি করা হয়েছে এই নতুন সংক্ষিপ্ত মেনু। আপাতত মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী রুটের তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেনে এই ব্যবস্থা চালু হয়েছে। মূল লক্ষ্য, খাবারের পদ কমিয়ে তার গুণমান, স্বাদ এবং স্বাস্থ্যবিধির দিকে আরও বেশি নজর দেওয়া।


কী কী থাকছে নতুন মেনুতে?

মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেনে সকালের জলখাবারে যাত্রীরা পাবেন ইডলি ও বড়া, সঙ্গে চাটনি ও সাম্বার। বিকল্প হিসেবে থাকবে পোহা অথবা উপমা।

অন্যদিকে, দুপুর ও রাতের খাবারে থাকছে রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। মূল পদের ক্ষেত্রে যাত্রীরা চিকেন অথবা নিরামিষ খাবারের মধ্যে একটি বেছে নিতে পারবেন।

আগের তুলনায় নতুন মেনুতে বেশ কিছু খাবার বাদ দেওয়া হয়েছে। সকালের জলখাবার থেকে বাদ পড়েছে স্যুপ, ডিমের অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক এবং চকোলেট। দুপুর ও রাতের খাবারের তালিকা থেকেও বাদ গিয়েছে শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টি।

খাবারের দায়িত্বে বড় হোটেল ও ক্লাউড কিচেন

এই নতুন ব্যবস্থার আরও একটি উল্লেখযোগ্য দিক হল খাবার তৈরির দায়িত্ব। এতদিন রেলওয়ের নিজস্ব ক্যাটারিং ব্যবস্থা বা সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারীদের মাধ্যমে খাবার সরবরাহ করা হলেও, পরীক্ষামূলক প্রকল্পে নামী হোটেল গোষ্ঠী ও ক্লাউড কিচেনের সাহায্য নেওয়া হচ্ছে।

কামাখ্যা রুটের জন্য মেফেয়ার গ্ৰুপ, হাওড়া রুটের জন্য তাজস্ট্যাটস এবং অন্য দুই বন্দে ভারত ট্রেনের জন্য সরোবর  পর্টিকো গ্ৰুপ-এর সঙ্গে কাজ করছে আইআরসিটিসি। বিমান সংস্থা ও হোটেলে খাবার সরবরাহকারী বিশেষায়িত রান্নাঘরের মাধ্যমেও খাবারের মান বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

কমছে খাবারের ওজনও

নতুন মেনুতে শুধু পদের সংখ্যাই কমছে না, কমছে খাবারের সামগ্রিক ওজনও। আগে যেখানে এক বেলার খাবারের ওজন ছিল প্রায় ৭০০-৭৫০ গ্রাম, সেখানে এখন তা কমে দাঁড়িয়েছে ৪৫০-৫০০ গ্রামে। তবে আইআরসিটিসি-র আধিকারিকদের দাবি, প্রতিটি খাবারের আলাদা পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে।

রেলের এই পরীক্ষামূলক উদ্যোগ কতটা সফল হয়, তার উপরই নির্ভর করতে পারে ভবিষ্যতে অন্যান্য দূরপাল্লার ট্রেনেও একই ধরনের খাবারের ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত। তবে খাবারের বৈচিত্র্য কমায় যাত্রীরা কতটা সন্তুষ্ট হন, সেটাও এখন দেখার বিষয়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google