ভারতের কিশোর-কিশোরীদের পুষ্টি নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এল। দেশের প্রায় দুই-তৃতীয়াংশ কিশোর-কিশোরীর শরীরে ভিটামিন B12 (B12 Deficiency)-এর ঘাটতি রয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন (ICMR-NIN) পরিচালিত এক জাতীয় সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, ১০ থেকে ১৯ বছর বয়সি ছেলেদের মধ্যে ৬৬.১ শতাংশ এবং মেয়েদের মধ্যে ৬৫.৪ শতাংশের শরীরে ভিটামিন B12-এর মাত্রা প্রয়োজনের তুলনায় কম।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পরিচালিত এই সমীক্ষার নাম Survey for Assessment of Markers of Population Health, Activity, Diet and Anthropometry (SAMPADA)। দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৮৩টি জেলার দুই লক্ষেরও বেশি মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়। অন্তর্ভুক্ত করা হয়েছিল ৮১ হাজারেরও বেশি পরিবার। পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে ১.৭ লক্ষের বেশি রক্তের নমুনা।
সমীক্ষায় রক্তে ভিটামিন B12-এর মাত্রা প্রতি মিলিলিটারে ২০৩ পিকোগ্রামের (pg/mL) কম হলে তাকে ঘাটতি হিসেবে ধরা হয়েছে।
সমীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, কিশোর-কিশোরীদের মধ্যে ভিটামিন B12-এর ঘাটতি আয়রন ও ফোলেটের ঘাটতির তুলনায় অনেক বেশি। ১০ থেকে ১৯ বছর বয়সি মেয়েদের মধ্যে ৬৫.৪ শতাংশের ভিটামিন B12-এর অভাব রয়েছে। সেখানে আয়রনের ঘাটতি ৩৬.৩ শতাংশ এবং ফোলেটের ঘাটতি ৮.৬ শতাংশ।
অন্যদিকে, কিশোর ছেলেদের মধ্যে ভিটামিন B12-এর ঘাটতি ৬৬.১ শতাংশ। আয়রনের অভাব রয়েছে ১০ শতাংশের এবং ফোলেটের ঘাটতি ৬.৩ শতাংশের।
শরীরের সুস্থতা বজায় রাখতে ভিটামিন B12 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে এবং মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কৈশোরে শরীরের দ্রুত বৃদ্ধি ও বিকাশের জন্য এই ভিটামিনের প্রয়োজনীয়তা অনেক বেশি।
ভিটামিন B12-এর ঘাটতি দীর্ঘদিন থাকলে রক্তাল্পতা, ক্লান্তি, দুর্বলতা, হাত-পায়ে ঝিনঝিন করা এবং স্মৃতিশক্তি ও মনোযোগের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে।
মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার ভিটামিন B12-এর গুরুত্বপূর্ণ উৎস। নিরামিষ খাবার খাওয়া কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এই ভিটামিনের ঘাটতির ঝুঁকি বেশি হতে পারে। তাই সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে পরীক্ষা ও চিকিৎসা করানো জরুরি।
ICMR-এর এই সমীক্ষা দেশের কিশোর-কিশোরীদের পুষ্টি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কৈশোর থেকেই পুষ্টির ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে সামগ্রিক স্বাস্থ্য ও বিকাশে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
